বিনোদন
প্রধান খবর

স্পাইডার-ম্যান চরিত্র ছাড়ার ইঙ্গিত টম হল্যান্ডের

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড বর্তমানে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বিভিন্ন স্থানে তাকে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে দেখা যাওয়ার পর ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

তবে এবার স্পাইডার-ম্যানের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন এই ব্রিটিশ অভিনেতা। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে অন্য কোনো চরিত্রের কাছে স্পাইডার-ম্যানের দায়িত্ব হস্তান্তর করতে তিনি প্রস্তুত।

প্রায় এক দশক ধরে স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করছেন টম হল্যান্ড। ২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে পিটার পার্কার হিসেবে তার অভিষেক ঘটে। এরপর থেকে মার্ভেল ভক্তদের কাছে তিনি অন্যতম জনপ্রিয় স্পাইডার-ম্যান হয়ে ওঠেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টম হল্যান্ড বলেন, “পরবর্তীতে যে-ই আসুক, সেটা মাইলস মোরালেস, স্পাইডার-গোয়েন, স্পাইডার-ওম্যান কিংবা অন্য কেউ হোক, আমি পরবর্তী অধ্যায় গড়ে তোলার অংশ হতে চাই।”

তিনি আরও বলেন, “যদি আমি পরবর্তী প্রজন্মের জন্য সেই কাজটি করতে পারি, যা রবার্ট ডাউনি জুনিয়র আমার জন্য করেছিলেন, তাহলে আমি খুব সন্তুষ্ট মনেই বিদায় নিতে পারব।”

মার্ভেল ইউনিভার্সে রবার্ট ডাউনি জুনিয়রের টনি স্টার্ক বা আয়রন ম্যান চরিত্রটি পিটার পার্কারের পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই অভিজ্ঞতাকেই নতুন প্রজন্মের জন্য এগিয়ে নিতে চান টম হল্যান্ড।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার ক্ষেত্রে প্রথমবারের মতো তাকে লেখক দলের আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেখানে তিনি সিনেমাটির গল্প এবং পুরো ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নিজের মতামত দিয়েছেন।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় জেনডায়া ও জ্যাকব ব্যাটালনসহ পরিচিত কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ফিরছেন। এছাড়া অভিনেত্রী স্যাডি সিঙ্কেরও এতে যুক্ত হওয়ার গুঞ্জন রয়েছে, যদিও তার চরিত্র সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সবকিছু ঠিক থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি পাবে।

সূত্র:দ্য টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের অন্য খবর

Back to top button