
কক্সবাজারের সমুদ্র সৈকতের স্নিগ্ধ বাতাস থেকে সুরের স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন পারভেজ খান। ছোটবেলা থেকেই সুফি ও কাওয়ালি গানের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বন্ধু নোমান সজীবকে সঙ্গে নিয়ে শুরু করেছিলেন সংগীতের যাত্রা। সেই পথ এখন পৌঁছে গেছে আন্তর্জাতিক মঞ্চে।
কক্সবাজারের ছেলে পারভেজ খান ও তার দল ‘মুসাফির সুফিয়ানা’ প্রথমবারের মতো ওমানের মাসকাটে আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে। এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন বগুড়ার দুই তরুণ সংগীতশিল্পী অন্তর ও নোমান সজীব।

সুফি, কাওয়ালি ও ফোক গানের সুর নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এই ব্যান্ডের লিড ভোকালিস্ট পারভেজ খান। ১৫ সদস্যের এই দলে নোমান সজীব রয়েছেন বেজ গিটারিস্ট ও টিম লিডার হিসেবে, আর বগুড়ার অন্তর দায়িত্ব পালন করছেন কিবোর্ডে।
দলের অন্য সদস্যরা হলেন পিকে ও রাব্বি (ঢোলক ও পারকাশন), মেহেদী (হারমোনিয়াম ও ভায়োলিন), তাফসীর (ড্রামার), তামের (লিড গিটার), লিংকন (রড মাস্টার), শরীফ, জাহিদ ও সোহাগ (কোরাস আর্টিস্ট), দীপু (সাউন্ড ইঞ্জিনিয়ার) এবং তিনজন ক্রু সদস্য।
দীর্ঘ সংগ্রাম ও পরিশ্রমের পর দেশের সংগীত অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে শুরু করে ‘মুসাফির সুফিয়ানা’। এবার ‘মাসকাট স্কাই ইভেন্ট’-এর আমন্ত্রণে ওমানে আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে দলটি।
সুফি সংগীতের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক শ্রোতাদের সামনে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে পুরো টিম। এই যাত্রার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ‘মাসকাট স্কাই ইভেন্ট’-এর কর্ণধার সাইফুল্লাহ আহমেদ সাইফ।
নিজের অনুভূতি জানিয়ে পারভেজ খান বলেন, কক্সবাজার থেকে ঢাকা, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ আমরা এখানে এসেছি। সুফি-কাওয়ালি ও বাংলা ফোক গানকে বিশ্বমঞ্চে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। মাসকাটে পারফর্ম করার সুযোগ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।