
দীর্ঘ ১৫ বছর ধরে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’–এর মুখ ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এবার অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে নতুন মৌসুমে তার স্থলাভিষিক্ত হচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে রচনা বলেন, তার কাজের চাপ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চ্যানেলও অনুষ্ঠানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করতে চেয়েছে। তিনি জানান, এটি মূলত চ্যানেলের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে তিনি সম্মান করেন।
তবে বিদায়ের সময় নতুন টিমের জন্য একটি বড় চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তিনি। রচনার মতে, এখন প্রমাণ করার দায়িত্ব নতুনদের যে, তার বিকল্পও হতে পারে। তিনি বলেন, ‘দিদি নাম্বার ওয়ান’ আজ যে অবস্থানে পৌঁছেছে, সেখানে তার দীর্ঘদিনের শ্রম ও অবদান রয়েছে।
যদিও নিজের জায়গা ছাড়ছেন, তবুও নতুন সঞ্চালক স্বস্তিকার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছেন রচনা। তিনি বলেন, স্বস্তিকা তার দীর্ঘদিনের সহকর্মী এবং তিনি বিশ্বাস করেন, নতুন দায়িত্ব খুব ভালোভাবেই পালন করবেন।
অন্যদিকে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। অনুষ্ঠানের প্রচারঝলক প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন এবং আশা করেন দর্শকরা নতুন মৌসুম উপভোগ করবেন।
স্বস্তিকা আরও স্মরণ করিয়ে দেন যে, অনেকেই অনুষ্ঠানটির বয়স ১০ বছর মনে করলেও বাস্তবে ‘দিদি নাম্বার ওয়ান’ টানা ২০ বছর ধরে সম্প্রচারিত হচ্ছে। তাই এটি তার জন্য নিঃসন্দেহে একটি বড় দায়িত্ব।
দীর্ঘদিনের পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া অনুষ্ঠানের নতুন যাত্রা কতটা সফল হবে এবং দর্শকরা স্বস্তিকাকে কতটা গ্রহণ করবেন, সেটিই এখন দেখার বিষয়।