বিনোদন
প্রধান খবর

এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির পর ছবিটির আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মাধ্যমে এটি এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ আয় করা বায়োপিকের স্বীকৃতি পেয়েছে।

হলিউডভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী ‘মাইকেল’ এখন পর্যন্ত প্রায় এক বিলিয়ন ডলার আয় করেছে। এই আয়ের মধ্য দিয়ে ছবিটি সংগীতশিল্পী ফ্রেডি মার্কারির জীবনভিত্তিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ এবং পরমাণু বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবন নিয়ে নির্মিত ‘ওপেনহাইমার’-কে ছাড়িয়ে গেছে।

এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ বিশ্বজুড়ে ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে সংগীতশিল্পীর জীবনভিত্তিক বায়োপিক হিসেবে রেকর্ড গড়েছিল। পরে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’ প্রায় ৯৭৭ মিলিয়ন ডলার আয় করে বায়োপিকের আয়ের তালিকায় শীর্ষে উঠে আসে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছে ‘মাইকেল’।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টোয়ান ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। ছবিতে মাইকেল জ্যাকসনের সংগীতজীবন, খ্যাতির উত্থান এবং ব্যক্তিগত জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে।

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মাইকেল’। বিশেষ করে মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গান, নাচ এবং মঞ্চ পরিবেশনার পুনর্নির্মাণ ছবিটির প্রতি দর্শকদের আকর্ষণ আরও বাড়িয়েছে।

বক্স অফিসে এই সাফল্যের মাধ্যমে শুধু বায়োপিকের ইতিহাসেই নয়, সংগীতশিল্পীকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের ক্ষেত্রেও নতুন মানদণ্ড স্থাপন করেছে ‘মাইকেল’।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button