
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওপেন কনসার্টে গান পরিবেশনের সময় বোতল ছুড়ে মাথায় আঘাত করার ঘটনায় বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান আর্ক ব্যান্ডের প্রধান ও জনপ্রিয় সংগীতশিল্পী হাসান। একই সঙ্গে ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন, সেই আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ঘটনার প্রতিক্রিয়া জানান হাসান। তিনি বলেন, দীর্ঘ সংগীতজীবনে মঞ্চে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হননি।
হাসান লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি।’

তবে ঘটনার জন্য কাউকে কঠোরভাবে দোষারোপ না করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানান তিনি। হাসান বলেন, ‘তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’
দেশের শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান।’
শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বানও জানিয়েছেন আর্ক ব্যান্ডের এই শিল্পী। তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী।’
হাসান আরও বলেন, বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে কোনো শিল্পীকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান উল্লেখ করে তাদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গান পরিবেশনের সময় হাসানের দিকে একটি বোতল ছোড়া হয়। সেটি তার মাথায় আঘাত করে। ঘটনার পরও পরিস্থিতি সামলে আবার গানে ফিরে যান এই শিল্পী। পরে কনসার্টে উপস্থিত দর্শকদের ধারণ করা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা শুরু হয়। সংগীত ও অভিনয় অঙ্গনের অনেকেই এ ঘটনার প্রতিবাদ জানান। পাশাপাশি কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন ওঠে।
হাসানের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরেও ভক্ত ও সংগীতাঙ্গনের অনেকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান মন্তব্য করে লেখেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গন্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন সংগীত ও অভিনয় অঙ্গনের কয়েকজন তারকাও।
তথ্যসূত্র: চ্যানেল ২৪