বিনোদন
প্রধান খবর

এক বিলিয়ন ডলার পেরোল নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক পেরিয়ে গেছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তির মাত্র তিন সপ্তাহেই এই সাফল্য অর্জন করেছে।

১৭ জুলাই মুক্তির পর উত্তর আমেরিকার বাজারে সিনেমাটি আয় করেছে ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ‘দ্য ওডিসি’র আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই ক্রিস্টোফার নোলানের প্রথম সিনেমা, যা এক বিলিয়ন ডলারের বেশি আয় করল।

বর্তমান গতিতে আয় করতে থাকলে ‘দ্য ওডিসি’ নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমাটি তাঁর আগের ব্যবসাসফল চলচ্চিত্র ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর রেকর্ড পেছনে ফেলার পথে রয়েছে।

হলিউডের অন্যতম বড় বাজার চীনে এখনো মুক্তি পায়নি ‘দ্য ওডিসি’। আগামী ১৪ আগস্ট দেশটির হাজার হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০০টি আইম্যাক্স প্রেক্ষাগৃহও রয়েছে।

চীনের বাজারে মুক্তির পর সিনেমাটির আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটির গল্পে দেখা যায়, ট্রোজান যুদ্ধ জয়ের পর নিজ রাজ্য ইথাকায় ফেরার উদ্দেশ্যে দীর্ঘ সমুদ্রযাত্রায় বের হন রাজা ওডিসিয়াস।

কিন্তু ফেরার পথে একের পর এক বিপদের মুখে পড়তে হয় তাকে। বছরের পর বছর সমুদ্রে সংগ্রাম করে টিকে থাকা এবং শেষ পর্যন্ত পরিবারের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাই সিনেমাটির মূল গল্প।

রাজা ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। সিনেমাটিতে আরও রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনসহ একাধিক তারকা।

সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, মহামারির পর এক বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এক বিলিয়ন ডলার আয় করা সিনেমার রেকর্ড গড়েছে ২০২৬।

এ বছর এক বিলিয়ন ডলারের বেশি আয় করা পঞ্চম সিনেমা হলো ‘দ্য ওডিসি’। এর আগে এই মাইলফলক ছুঁয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’।

চীনের বিশাল বাজারে মুক্তির পর ‘দ্য ওডিসি’র আয় কোথায় গিয়ে থামে, এখন সেটিই দেখার বিষয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button