
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি তার ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপান ২’ মাত্র পাঁচ দিনেই ভারতের অভ্যন্তরীণ বাজারে ১০০ কোটি রুপির নেট আয় ছাড়িয়েছে। এর মাধ্যমে একক নায়ক হিসেবে প্রথমবারের মতো ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন ইমরান হাশমি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটি বিশ্বজুড়ে এরই মধ্যে ১৪৪ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।য
মঙ্গলবার, অর্থাৎ মুক্তির পঞ্চম দিনে সিনেমাটি ১১ হাজার ৬০টি শো থেকে ভারতে ৯ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। এতে পাঁচ দিনে ভারতে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১০০ কোটি ৭৫ লাখ রুপি। গ্রস আয় হয়েছে ১২০ কোটি ৩৩ লাখ রুপি।
এ ছাড়া বিদেশের বাজারে পঞ্চম দিনে ২ কোটি ৩৮ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। ফলে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৩ কোটি ৮০ লাখ রুপি। সব মিলিয়ে পাঁচ দিনে বিশ্বজুড়ে ‘আওয়ারাপান ২’-এর মোট আয় দাঁড়িয়েছে ১৪৪ কোটি ১৩ লাখ রুপি।
দিনভিত্তিক ভারতীয় বক্স অফিস আয় (নেট)
- শুক্রবার (১ম দিন): ২২ কোটি রুপি
- শনিবার (২য় দিন): ৩৩ কোটি ৭৫ লাখ রুপি
- রবিবার (৩য় দিন): ২৬ কোটি রুপি
- সোমবার (৪র্থ দিন): ৯ কোটি ২৫ লাখ রুপি
- মঙ্গলবার (৫ম দিন): ৯ কোটি ৭৫ লাখ রুপি
ভারতের স্বাধীনতা দিবসের উৎসবকে কেন্দ্র করে বক্স অফিসে বড় প্রতিযোগিতার মধ্যেও অন্য সিনেমাগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে ‘আওয়ারাপান ২’। উৎসবের মূল দিনে সিনেমাটি আয় করে ৪০ কোটি ৫০ লাখ রুপি।
অন্যদিকে তামিল ভাষার ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ আয় করেছে ২৬ কোটি রুপি, ‘বাটোয়ারা ১৯৪৭’ ১৬ কোটি ২০ লাখ, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ১২ কোটি এবং ডিসির একটি সিনেমা ৬ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে।
নিজের আগের সব হিটের রেকর্ড ভাঙলেন ইমরান
২০০৭ সালে মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপান’ সিনেমাটি পুরো থিয়েটার রান শেষে ৭ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছিল। অথচ ‘আওয়ারাপান ২’ মুক্তির প্রথম দিনেই সেই আয়কে ছাড়িয়ে যায়।
মুক্তির প্রথম উইকএন্ডেই ইমরান হাশমির আগের সফল সিনেমা ‘হক’ ২০ কোটি, ‘রাজ ২’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি এবং ‘জান্নাত’ ৩০ কোটি রুপির আয়ের রেকর্ড পেছনে ফেলেছে ‘আওয়ারাপান ২’।
ফলে পাঁচ দিনের মধ্যেই শুধু ১০০ কোটির ক্লাবে প্রবেশ নয়, নিজের ক্যারিয়ারের আগের একাধিক বক্স অফিস রেকর্ডও ছাড়িয়ে গেছেন ইমরান হাশমি।
তথ্যসূত্র: এনডিটিভি মুভিজ


