
বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা আমির খান, আর মাধবন ও শারমান জোশি অভিনীত ‘থ্রি ইডিয়টস’। মুক্তির প্রায় ১৭ বছর পরও সিনেমাটির আবেদন এতটুকুও কমেনি। বাস্তবমুখী শিক্ষা, ছাত্রজীবনের চাপ ও বন্ধুত্বের মতো গুরুত্বপূর্ণ বার্তার সঙ্গে হাস্যরসের দারুণ সংমিশ্রণে তৈরি এই সিনেমার প্রায় প্রতিটি দৃশ্যই দর্শকের মনে জায়গা করে নিয়েছে।
তবে সিনেমাটির একটি নির্দিষ্ট দৃশ্য আজও ভক্তদের কাছে সবচেয়ে প্রিয়। প্রতি বছর শিক্ষক দিবস এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ফিরে আসে সেই স্মরণীয় দৃশ্য-চতুর রামালিঙ্গমের সেই অবিস্মরণীয় শিক্ষক দিবসের বক্তৃতা।
পুরো বক্তৃতাজুড়ে যেমন দর্শকদের হাসিতে মাতিয়ে দিয়েছিল, তেমনি ৫ সেপ্টেম্বর রাতে ওমি বৈদ্য অভিনীত ‘চতুর’ কীভাবে র্যাঞ্চো ও তার বন্ধুদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, সেই দৃশ্যও ভক্তদের স্মৃতিতে অমলিন। পানির ট্যাঙ্কের দেয়ালে তারিখ লিখে রাখা সেই চ্যালেঞ্জও হয়ে উঠেছে সিনেমাটির অন্যতম আইকনিক মুহূর্ত।
এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই চ্যালেঞ্জের আবেদন কমেনি। শিক্ষক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছে সেই স্মরণীয় ৫ সেপ্টেম্বরের দৃশ্য। ভাইরাল হওয়া ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘১৪ বছর হয়ে গেল, সাহস আছে? বল আসবি?’
পোস্টটি দেখে ভক্তরা কমেন্ট বক্সে নানা হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠেই যখন লক স্ক্রিনে এই তারিখটা দেখলাম, তখনই নিশ্চিত ছিলাম যে আজ ইন্টারনেট এই মিমেই ভরে যাবে।’
আরেকজন মজা করে মন্তব্য করেছেন, ‘প্রতি বছর ওমি বৈদ্যকে নিয়ে একটি করে শর্ট ফিল্ম হওয়া উচিত, যেখানে তিনি নিজের বড়াই করার জন্য তাদের খুঁজে বেড়াবেন।’
অনেকেই আবার মজার ছলে শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তাও শেয়ার করেছেন। কেউ কেউ ৫ সেপ্টেম্বরের আগেই সিনেমাটি আবার দেখার স্মৃতিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন।
এর আগে ২০২২ সালে অভিনেতা ওমি বৈদ্যও নিজের অভিনীত সেই বিখ্যাত দৃশ্যকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তাকে ‘চতুর’-এর স্টাইলে নিজের বিলাসবহুল গাড়ি ও অর্থসম্পদ নিয়ে অহংকার করতে দেখা যায়।
রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান, আর মাধবন ও শারমান জোশির পাশাপাশি বোমান ইরানি, কারিনা কাপুরসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া তারকাখচিত সিনেমাটি বলিউডের ইতিহাসের অন্যতম বড় ব্লকবাস্টার হিট হিসেবে জায়গা করে নেয়। মুক্তির এত বছর পরও ‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্য, সংলাপ ও চরিত্রগুলো যে দর্শকদের স্মৃতিতে সমানভাবে জীবন্ত, ৫ সেপ্টেম্বরের এই ভাইরাল হওয়া দৃশ্যই তার আরেকটি প্রমাণ।
তথ্যসূত্র: যুগান্তর



