আড়াই বছর পর বড় পরিসরে একক কনসার্টে বাপ্পা মজুমদার

বাংলা গানের নন্দিত শিল্পী বাপ্পা মজুমদার। তিন দশকেরও বেশি সময় ধরে সুর ও গায়কীর ইন্দ্রজালে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে একক কনসার্ট করেছেন খুব কম। তবে প্রায় আড়াই বছর পর ফের বড় পরিসরে একক কনসার্ট নিয়ে আসছেন এই শিল্পী।
‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বসবে এ আয়োজন।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কনসার্টের ঘোষণা দেন শিল্পী নিজেই। পোস্টার প্রকাশ করে ভক্তদের তারিখটি মনে রাখতে বলেন। জানা গেছে, কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান।
তবে কনসার্টের টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে। তখনই জানা যাবে টিকিটের মূল্য ও অন্যান্য নিয়ম-শর্ত।
২০২২ সালে প্রথমবার একক কনসার্ট করেন বাপ্পা মজুমদার। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে করেন দ্বিতীয় একক শো। গত বছরের জুলাইয়েও একটি একক শো করেছিলেন তিনি। তবে সেটি ছিল ছোট পরিসরে।
এদিকে, বাপ্পা মজুমদারের একক শোর খবর শুনেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তার ভক্তরা। অনেকেই শিল্পীর ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং কনসার্টে উপস্থিত থাকার আগ্রহের কথা জানাচ্ছেন।
উল্লেখ্য, ক্যারিয়ারের তিন দশক পেরিয়েও এখনো নিয়মিত গান করে যাচ্ছেন বাপ্পা মজুমদার। নতুন গান প্রকাশের পাশাপাশি কনসার্ট ও নানা ইনস্ট্রুমেন্টালের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে সখ্য বজায় রেখে চলেছেন তিনি।
তথ্যসূত্র: ইত্তেফাক



