বিনোদন
প্রধান খবর

টম ক্রুজ-ব্র্যাড পিটকে পেছনে ফেলে বিশ্ববক্স অফিসে ‘দৃশ্যম ৩’

বিজয় সালগাঁওকর-নামটি সিনেমার হলেও এখন ‘দৃশ্যম’ ভক্তদের কাছে যেন এক অনুভূতির নাম। নিজের পরিবারকে বাঁচাতে কীভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করে ফেলতে পারে, সেটিই ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির গল্পের মূল আকর্ষণ। এবার সেই বিজয় সালগাঁওকরকে নিয়ে তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ বিশ্ববক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

গত শুক্রবার (২ অক্টোবর) ভারতে গান্ধীজয়ন্তীর ছুটিতে মুক্তির পর প্রথম দিনেই বিশ্বব্যাপী প্রায় ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করে সিনেমাটি। মুক্তির চার দিনের মাথায় সরাসরি টম ক্রুজ অভিনীত ‘ডিগার’-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমে বিশ্বব্যাপী বক্স অফিসে ভালো ব্যবসা করছে অজয় দেবগন অভিনীত সিনেমাটি।

মজার বিষয় হলো, ‘ডিগার’-এর তুলনায় অনেক কমসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ এই সাফল্য পেয়েছে।

একই সময়ে মুক্তি পাওয়া বড় বাজেটের হলিউড সিনেমাকে বিশ্ববক্স অফিসে কোনো ভারতীয় সিনেমা ছাড়িয়ে যাওয়ার ঘটনা খুব বেশি নেই। ‘আরআরআর’ মুক্তির পর বিশ্বজুড়ে বক্স অফিসে শীর্ষে উঠেছিল।

একইভাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ও মুক্তির পর বিশ্ববক্স অফিসে দারুণ সাড়া ফেলে। ‘জওয়ান’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র মতো সিনেমাও বড় হলিউড মুক্তির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল।

তবে সরাসরি প্রতিযোগিতায় টম ক্রুজ অভিনীত সিনেমাকে কোনো ভারতীয় চলচ্চিত্র ছাড়িয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম সপ্তাহান্তে বিশ্ববক্স অফিসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে আলোচনায় এসেছে।

ভারতের বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। প্রথম সপ্তাহান্তে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৫০ লাখ রুপি। গ্রস আয় ২১১ কোটি ৮০ লাখ রুপি, যা প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সমান।

তবে যুক্তরাষ্ট্র-কানাডায় সিনেমাটির শুরুটা তুলনামূলক ধীর ছিল। এরপরও ভালো ব্যবসা করেছে এটি। কমস্কোর ও বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় ৫০০টির কিছু বেশি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে ২৭ লাখ মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্র-কানাডার বাইরেও ভালো ব্যবসা করেছে ‘দৃশ্যম ৩’। ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৩৪ লাখ মার্কিন ডলার।

রোববার পর্যন্ত বিশ্বব্যাপী ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৩ কোটি টাকা সমমূল্যের। এই আয় নিয়ে মুক্তির প্রথম সপ্তাহান্তে বিশ্ববক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমাটি।

তালিকার শীর্ষে রয়েছে অ্যানা হ্যাথাওয়ে ও ডাকোটা জনসন অভিনীত ‘ভেরিটি’। থ্রিলারধর্মী সিনেমাটি বিশ্বব্যাপী ৬ কোটি ২৬ লাখ মার্কিন ডলার আয় করেছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেই এসেছে ৩ কোটি ২০ লাখ ডলার।

এ সপ্তাহান্তে আরেক হলিউড তারকার সিনেমাকেও পেছনে ফেলেছে অজয় দেবগনের সিনেমাটি। ব্র্যাড পিট অভিনীত ‘হার্ট অব দ্য বিস্ট’ বিশ্ববক্স অফিসে তৃতীয় স্থানে রয়েছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আরও ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করেছে।

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আবারও বিজয় সালগাঁওকরের চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। তার সঙ্গে রয়েছেন তাবু, শ্রিয়া সরণ, রজত কাপুর, ইশিতা দত্তা, মৃণাল যাদব ও কমলেশ সাওয়ান্ত।

‘দৃশ্যম ২’-এর চরিত্রে সৌরভ শুক্লাও ক্যামিও চরিত্রে আবার ফিরেছেন। নতুন করে সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।

অভিষেক পাঠক সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনাও করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button