তৃতীয় দফায় পরীমনির আরো একদিনের রিমান্ড

পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় আরো একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফায় রিমান্ডে পেল সিআইডি। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পরীমনির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বনানী থানায় করা মাদক মামলায় পরীমনিকে তৃতীয় দফায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল সিআইডি। এই আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেন আদালত।
মাদক মামলায় তৃতীয় বারের মত পাঁচদিনের রিমান্ড শুনানির জন্য চিত্রনায়িকা পরীমণিকে আদালতে হাজির করা হয় বৃহস্পতিবার (১৯ আগস্ট)। সকাল ৮টা ২০ মিনিটে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এর আগে ১৮ আগস্ট পরীমণিকে আবারো পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তাফা। আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ড শেষে পরীমণি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
অন্যদিকে আসামিপক্ষে তাদের আইনজীবী মজিবুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
আজ তৃতীয় দফায় পরীমনির আরো একদিনের রিমান্ড মঞ্জুর করল আদালত।
উল্লেখ্য, গেল ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা। তার ড্রয়িংরুমের কাবার্ড, শোকেস, ডাইনিংরুম এবং বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়। পরদিন বিকেলে পরীমণি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র্যাব।
এরপর র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে৷



