
সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ আদেশ বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।
আইনজীবীরা জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর আদালত রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পরে ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে মামলায় আবেদন করে আদালতের আদেশ সংশোধনের প্রার্থনা জানানো হয়। তবে আদালত সব অবৈধ ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ নির্দেশনার পর উচ্ছেদ অভিযান শুরু হয়।
পরবর্তী সময়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে আদেশ সংশোধন করে জিগজ্যাগ ইটভাটাকে আদেশের বাইরে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের ডিভিশন বেঞ্চ ইটভাটা মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বহাল রাখেন।
ওই আদেশের পর বিভিন্ন ইটভাটার মালিক একাধিক আপিল দায়ের করে আদেশের ওপর স্থগিতাদেশের আবেদন করেন। তবে চেম্বার জজ আদালত থেকে তাঁরা কোনো স্থগিতাদেশ পাননি। পরবর্তী সময়ে আপিল বিভাগে ওই আপিলগুলো খারিজ হয়ে যায়।
আইনজীবীরা আরও জানান, বর্তমানে বিভিন্ন অবৈধ ইটভাটার মালিক পুনরায় কার্যক্রম শুরু করার চেষ্টা করছেন-এমন সংবাদ পেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি আবেদন দাখিল করে। আবেদনে অবৈধ ইটভাটা অপসারণসংক্রান্ত আদালতের নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন চাওয়া হয়।
বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার আদালতে ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। সব পক্ষের বক্তব্য শুনে আদালত এইচআরপিবির আবেদন মঞ্জুর করেন।
আদালত বাংলাদেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগে দেওয়া বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন



