আজ স্বপ্নের নায়ক সালমান শাহ’র ৫০তম জন্মবার্ষিকী

মাত্র তিন বছরের ক্যারিয়ারে যে নায়ক ২৭টি ছবিতে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলো, যার অধিকাংশ সিনেমাই দর্শকনন্দিত এবং ব্যবসাসফল, সেই নায়ক সালমান শাহ। এই নায়কেরই অকাল মৃত্যু গোটা সিনেমা জগতকে যেন অন্ধকারের অতল গহ্বরে ফেলে দিয়েছিল। সেখান থেকে মাথা তুলে সেভাবে দাঁড়াতেও পারেনি ঢাকাই সিনেমা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের বাসায় ফ্যানের সঙ্গে সালমান শাহ’র ঝুলন্ত লাশ পাওয়া যায়। সালমান শাহর মৃত্যুকে কেউ কেউ আত্মহত্যা হিসেবে আখ্যায়িত করলেও তার পরিবার ও ভক্তরা জোর দিয়েই বলেছেন- এটা খুন। সেই সুবাদে সালমান শাহ’র পরিবার থেকে একটি খুনের মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু তদন্তের শ্লথ গতি আর প্রশাসনের অসহযোগিতার কারণে আজও উন্মোচিত হয়নি আসল সত্য।
এরই মধ্যে কেটে গেলো ২৫টি বছর। দর্শকের নিখাদ ভালবাসায় বেঁচে আছেন সালমান শাহ। কিন্তু তার মৃত্যু রহস্য যেন ধামাচাপা পড়ে গেছে। মাঝে মধ্যে তার কিছু অন্ধ ভক্ত এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানিয়েছেন। কিন্তু সেই দাবি কেবলই ফেসবুকের পাতায় ঘুরেছে। আমলে নেয়নি কেউই।



