এবার ঈদে মুক্তি পাচ্ছে ৪ সিনেমা

ঈদ মানে আনন্দ। ঈদ মানে জনপ্রিয় সব তারকার বড় বাজেটের সিনেমা। হল ভর্তি দর্শক, বাড়তি উচ্ছ্বাস আর হল মালিকদের মুখে হাসি। গত দুই বছর করোনার প্রভাবে বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। ফলে লোকসান গুনতে হয়েছে কয়েকশ’ কোটি টাকা।
ঈদ-উল-ফিতরে মুক্তির তালিকায় চারটি সিনেমা। মুক্তির তালিকায় প্রথমেই আছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘বিদ্রোহী’। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ১০২টি হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’। সিনেমাটিতে প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।
৩৪টি হলে মুক্তি পাচ্ছে দ্বিতীয় অবস্থানে থাকা ‘শান’। সিনেমায় প্রধান চরিত্রে আছেন সিয়াম-পূজা। শুটিংয়ের শুরু থেকেই আলোচনায় এ সিনেমাটি। মানবপাচারের গল্পে নির্মিত হয়েছে ‘শান’। নির্মাণ করেছেন এম রাহিম।
সরকারি অনুদানে নির্মিত হয়েছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’। সিনেমাটি নির্মাণ করেছেন এস এ হক অলিক। ২৮টি হলে মুক্তি পাচ্ছে ‘গলুই’। জামালপুরের কয়েকটি হলেও দেখানো হবে সিনেমাটি।
ঈদে মুক্তির তালিকায় আছে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি। মুক্তির তালিকায় থাকলেও প্রচার ও আওয়াজে একদম তলানীতে সিনেমাটি। মাত্র একটি হলে মুক্তি পাচ্ছে ‘বড্ড ভালোবাসি’। এ সিনেমার বাজেট ছিল প্রায় ৫০ লাখ টাকা।
ঈদের সিনেমাকে বরণ করে নিতে প্রস্তুত দেশের ১৬৫টি হল।



