বিনোদন

গ্রামের বাড়ি ঈদ করতে গেছেন ঐশী, মানুষের উপচে পড়া ভিড়

দীর্ঘ ৪ বছর পর বরিশালের পিরোজপুর গ্রামের বাড়ি ঈদ করতে গিয়েছেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। তাই এবারের ঈদ তার কাছে অন্যরকম আনন্দ নিয়ে এসেছে।

নায়িকা হওয়ার পর এবারই প্রথম গ্রামে ঈদ পালন করছেন ঐশী৷ গ্রাম আগের মতো থাকলেও কিছুটা বদলে গেছেন ঐশী। তবে বদলে যায়নি তার পরিচয়। গ্রামের সবাই তাকে আদর করে এখনও ‘মুনা’ নামে ডাকেন। 

ঐশী বলেন, ‘গ্রাম আমার বরাবরই ভালো লাগে। শহরে থাকার কারণে সেভাবে গ্রামে ঈদ পালন করা হয়ে ওঠে না। তাছাড়া করোনার দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদ ঢাকায় করতে হয়েছে। লম্বা সময় পর গ্রামে ঈদ করতে এসে ভীষণ ভালো লাগছে৷ আমার আসার খবর পেয়ে অনেকেই আসছেন। একেকজনের একেক আবদার! কেউ সেলফি তুলছেন। কেউ খোঁজখবর নিচ্ছেন। কেউ শুধু দেখতে আসছেন। বাড়ি ভর্তি মানুষ। বিষয়টি উপভোগ করছি।’ 

‘আগে সবার যে আদর-ভালোবাসা পেতাম এখন দিগুণ পাচ্ছি। তবে আমি সবার কাছ থেকে আগে যে, ভালোবাসা পেতাম সেটাই চাই। সেলিব্রিটির ভালোবাসা চাই না। অনেকেই দেখতে আসছেন নায়িকা হওয়ার পর পরিবর্তন হয়েছি কিনা। কথাবার্তা আগের মতো বলছি কিনা। দেখার পর তারা বলছেন, আমাদের মুনা আগের মতোই আছে- পরিবর্তন হয়নি।’

ঈদের পরিকল্পনা জানিয়ে ঐশী বলেন, পরিবারের সঙ্গে ঈদের সময়টুকু কাটাবো। ঈদের দিন ঘুরতে বের হবো। তাছাড়া ঢাকা ফেরার আগে গৌরনদীর দধি আর নাজিরপুরের ঐতিহ্যবাহী সন্দেশ খাওয়ার পরিকল্পনা আছে। সবাইকে ঈদ মোবারক।’

এদিকে ঈদ উপলক্ষে বায়োস্কোপ (ওটিটি প্ল্যাটফর্ম, গ্রামীণফোন) এবং দীপ্ত টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ (প্রথম খণ্ড)। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ঐশীর।

ঐশী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে আবু তাওহিদ হিরন পরিচালিত ‘আদম’। চলতি বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button