বিনোদন

লুঙ্গি পরায় টিকিট না পাওয়ার ভিডিও ভাইরাল, স্টার সিনেপ্লেক্সের বিবৃতি

পরনে লুঙ্গি থাকার কারনে সিনেমা দেখতে যাওয়ায় এক দর্শকের কাছে টিকিট বিক্রি না করার অভিযোগ উঠেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে। ৩ আগস্ট রাজধানীর মিরপুরের সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্সে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও খুব সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তাতে জানা যায়, ‘পরাণ’ সিনেমা দেখার জন্য হলে গিয়েছিলেন এক দর্শক। টিকিটি না পেয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় এক যুবকের সঙ্গে কথা হয় তার। বয়স্ক ওই ব্যক্তি বলেন—‘আমি লুঙ্গি পরে আইছি এইজন্য আমার কাছে টিকিট বিক্রি করে নাই।’ পরে সিনেমা না দেখে ফিরে যান ওই ব্যক্তি।

ভিডিওটি মুহূর্তে ভাইরাল হলে নেটিজেনদের তোপের মুখে পড়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

নেটিজেনদের প্রশ্ন—‘এ দেশে পোশাক দেখে মানুষ মানুষকে সম্মান দেয়?’ নুরুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘এটা শ্রেণি বৈষ্যমের একটা উদাহরণ মাত্র। লুঙ্গি পরে যাওয়ার ভেতরে গরিবানা খুঁজে পাওয়া যায়।’ অনেকে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন।

বিষয়টি নজর এড়াতে পারেননি ‘পরাণ’ সিনেমার অভিনেতা শরীফুল রাজের। তিনি ওই ব্যক্তির ঠিকানা চেয়ে অনুরোধ জানান নেটিজেনদের কাছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের এমন শ্রেণি-বৈষম্যমূলক আচরণে ক্ষীপ্ত নেটিজেনদের তোপের মুখে পরে বুধবার সকালে ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে তারা।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, লুঙ্গি পরিহিত কোনো ব্যক্তির কাছে টিকিট বিক্রি করা যাবে না, এ ধরণের কোনো পলিসি আমাদের প্রতিষ্ঠানে নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া ভিডিওর ঘটনাটি সম্ভবত ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। এ ঘটনার জন্য আমরা মর্মাহত। আমরা এ ঘটনার তদন্ত করছি।

পাশাপাশি ওই ব্যক্তি ও তার পরিবারকে স্টার সিনেপ্লেক্সে ‘পরাণ’ সিনেমা দেখানোর ইচ্ছার কথাও জানান এই স্ট্যাটাসে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button