আবু হেনা রনির অবস্থা ক্রিটিক্যাল

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা এখনও ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব এসব তথ্য জানান। তিনি বলেন, রনির অবস্থা সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। এর পাশাপাশি পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক।
ডা. এস এম আইউব বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তাদের দুজনের ইনহ্যালেশন বার্ন রয়েছে। সে অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরবর্তী চিকিৎসার জন্য আজ দুপুরে একটি মেডিকেল বোর্ড বসার সিদ্ধান্ত হয়েছে।
গত শুক্রবার রাতের এই দুর্ঘটনায় রনিসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগর পুলিশের চার বছর পূর্তিতে পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ওড়ানোর জন্য সেখানে কিছু গ্যাস বেলুন রাখা ছিল। বেশ কয়েকবার চেষ্টা করেও সেগুলো ওড়ানো যায়নি। এক পর্যায়ে বেলুনগুলো বিস্ফোরিত হয়।
জানা গেছে, বেলুনগুলো না ওড়ায় কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে বকাঝকা করলে বেলুন বিক্রেতা নিজেই বেলুনগুলোতে আগুন লাগিয়ে ওড়ানোর চেষ্টা করে। এতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। পরে গাড়িতে তুলে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।
আবু হেনা রনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, মডেল, অভিনেতা ও উপস্থাপক। ২০১১ সালে তিনি ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এ বিজয়ী হন।