নিঃসঙ্গতা-একাকিত্ব-নির্জনতাই আমার বন্ধু: এ আর রহমান

ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীতকে আন্তর্জাতিক মহলে আরও বেশি জনপ্রিয় করে তোলার পিছনে এ আর রহমানের নিঃসন্দেহে ভূমিকা আছে।
কিন্তু তার ব্যক্তিগত জীবন কেমন, তা নিয়ে খুবই কম জানা যায়। একেবারে নিভৃতে থাকা এক মানুষ তিনি। কারা তার বন্ধু? কাদের সঙ্গে মেলামেশা করেন তিনি? হালে এই প্রসঙ্গে কথা বলেছেন রহমান নিজে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেছেন, তার সেই অর্থে কোনো বন্ধু নেই। যারা তার সঙ্গে কাজ করেন, তারাই তার বন্ধু। আলাদা করে আর কোনো বন্ধু নেই।
রহমান যে ভাষায় বলেছেন, সেই ভাষায় বলতে গেলে বিষয়টি এরকম দাঁড়াবে, ‘যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি।’ কিন্তু তার কোনো বন্ধু নাকি চিরস্থায়ী নন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সঙ্গীত পরিচালক বলেছেন, ‘কাউকেই আমি বলতে পারি না, চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাদের বলি, নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সেই কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।’
এর পরেই রহমান বলেছেন, ‘আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব, নির্জনতাই আমার বন্ধু।’