শিমুল কি ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ?

অভিনেতা শিমুল শর্মা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন কিস্তি থেকে বাদ যাচ্ছেন অভিনেতা শিমুল শর্মা। পোস্টার প্রকাশ বা নাটকটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনেও তার অনুপস্থিতি সেই জল্পনাকে আরও জোরালো করে। শেষ পর্যন্ত নির্মাতা ও অভিনেতার বক্তব্যে বিষয়টি স্পষ্ট হলো।
নির্মাতা কাজল আরেফিন অমি গণমাধ্যমকে বলেন, “আমাদের নাটক থেকে কাউকে জোর করে সরানো বা যুক্ত করার সুযোগ নেই। গল্পের প্রয়োজনেই যেকোনো চরিত্র সামনে আসে বা কিছু সময়ের জন্য দূরে সরে যায়।” তিনি আরও জানান, গত আট বছর ধরে ধারাবাহিকটি নিজস্বতা বজায় রেখেই এগিয়ে চলছে। এখানে নতুন চরিত্র আসবে, পুরোনো কেউ সরে যাবে—এটাই স্বাভাবিক বিষয়।
‘ব্যাচেলর পয়েন্ট’-এ এর আগে গল্পের প্রয়োজনে বাদ পড়েছিলেন তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। তবে দীর্ঘদিন পর আবার নেহাল চরিত্রে ফিরেছেন তৌসিফ।
শিমুল শর্মা শুরুতে কাজল আরেফিন অমির সহকারী পরিচালক হিসেবে কাজ করলেও পরবর্তীতে অভিনয়ে যুক্ত হয়ে জনপ্রিয়তা পান। তার চরিত্র ‘নোয়াখালীর শিমুল’ দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছে। নাটক থেকে আপাতত বাদ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। আবার যদি প্রয়োজন হয়, তখন ফিরব।” এ নিয়ে তার কোনো অভিমান নেই বলেও জানান তিনি।
২০১৮ সালে যাত্রা শুরু করা এই ধারাবাহিকের বর্তমানে পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে। জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে রয়েছে নেহাল, কাবিলা, হাবু, পাশা, রোকেয়া ও বোরহান। এখন প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাতে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এবং পরে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে নাটকটি। এছাড়া, প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে আট পর্ব করে দেখানো হচ্ছে।
তথ্যসূত্র: প্রথম আলো



