অর্থ ও বানিজ্য
প্রধান খবর

সরকারি খরচে বিদেশ যাওয়া ও গাড়ি কেনা বন্ধসহ ১১ খাতে কঠোর নিয়ন্ত্রণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয়ে বড় ধরনের কাটছাঁট করেছে সরকার। এর ফলে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, গাড়ি ও কম্পিউটার কেনাসহ বিভিন্ন খাতে ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রটি সব সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ সংস্থা, করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর হবে।

পরিপত্র অনুযায়ী, সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ আপাতত বন্ধ রাখা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণের ক্ষেত্রে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। তবে সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো এই নিয়মের আওতামুক্ত থাকবে।

সব ধরনের যানবাহন কেনার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম কেনার ক্ষেত্রেও নতুন কোনো ব্যয় করা যাবে না। সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ের জন্য দেওয়া সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণ সুবিধাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এবং ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রে সংশোধিত বাজেটে অবশিষ্ট বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত খরচ করা যাবে। নির্ধারিত সীমার বেশি ব্যয় করলে ভবিষ্যতে সেই অতিরিক্ত অর্থের কোনো বকেয়া দাবি গ্রহণ করা হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আপ্যায়ন ব্যয় ও অভ্যন্তরীণ শোভাবর্ধন খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে। সেমিনার বা সম্মেলন আয়োজনের ক্ষেত্রে বরাদ্দের ৮০ শতাংশ পর্যন্ত ব্যয় করা গেলেও সেখানে আপ্যায়ন খাতে ব্যয় ৫০ শতাংশের বেশি হতে পারবে না।

আবাসিক ও অনাবাসিক ভবন এবং স্থাপনা নির্মাণ খাতে অবশিষ্ট বরাদ্দের মাত্র ৫০ শতাংশ ব্যয় করা যাবে। তবে যেসব প্রকল্পের কাজ ইতিমধ্যে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে, সেগুলো অর্থ বিভাগের বিশেষ অনুমতি সাপেক্ষে চালিয়ে নেওয়া যাবে।

এ ছাড়া পরিচালন বাজেটের আওতায় নতুন করে কোনো ভূমি অধিগ্রহণ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button