অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ বাতিল

ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ এবং বহুল আলোচিত কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ বাতিল করে জাতীয় সংসদে পাস হয়েছে অর্থবিল-২০২৬। একই সঙ্গে সাধারণ মানুষের ব্যাংকিং সেবা সহজ করতে ব্যাংক হিসাব খুলতে টিআইএন (TIN) বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদন হয়।
সংসদ সদস্যদের বিভিন্ন সমালোচনা, জনমত যাচাইয়ের প্রস্তাব এবং একাধিক সংশোধনীর পর চূড়ান্তভাবে পাস হওয়া অর্থবিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ব্যক্তিপর্যায়ে বার্ষিক করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ। বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রস্তাব দেওয়ার পর তা গ্রহণ করা হয়। পাশাপাশি খুচরা বিক্রেতাদের পণ্য সরবরাহের ওপর আরোপিত অগ্রিম কর (এটিএ) প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আর টিআইএন নম্বর বাধ্যতামূলক থাকবে না। করযোগ্য আয় নেই এমন ব্যক্তিদের ব্যাংকিং সেবায় হয়রানি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে নির্ধারিত কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছিল। সেখানে অর্থের উৎস নিয়ে কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না-এমন বিধান থাকায় অর্থনীতিবিদ ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিশেষ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে।
সমালোচনার মুখে সরকার শেষ পর্যন্ত ওই দায়মুক্তির (ইনডেমনিটি) বিধান বাতিল করেছে। সংশোধিত আইনে বলা হয়েছে, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে চাইলে নিয়মিত করের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা পরিশোধ করতে হবে। তবে সেই অর্থের উৎস সম্পর্কে সংশ্লিষ্ট যেকোনো সংস্থা তদন্ত বা প্রশ্ন করতে পারবে। ফলে কালো টাকা সাদা করার বিশেষ সুবিধা কার্যত আর থাকছে না।
তথ্যসূত্র: টিবিএস নিউজ