অর্থ ও বানিজ্য
প্রধান খবর

সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল, বোতলজাত ১৯৯ ও খোলা ১৭৯ টাকা

জ্বালানি তেলের পর এবার বোতলজাত ও খোলা-দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা এবং খোলা তেল ১৭৯ টাকায় বিক্রি হবে।

আজ বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এর আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা এবং খোলা তেলের দাম ছিল ১৭৫ টাকা। নতুন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, ডলার বিনিময় হারজনিত চাপ এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। তাঁর ভাষ্য, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে উৎস পর্যায়ে পণ্যের মূল্য বেড়েছে, যার প্রভাব দেশের বাজারেও পড়ছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানিনির্ভর ভোজ্যতেলের বাজারে আন্তর্জাতিক বাজারদর বাড়লে স্থানীয় বাজারে চাপ তৈরি হয়। বিশেষ করে অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি ব্যয়, পরিবহন খরচ এবং পরিশোধন ব্যয় বৃদ্ধির বিষয়টি দাম সমন্বয়ের পেছনে ভূমিকা রেখেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আমদানিকারকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। অন্যথায় বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারত।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে এবং অযৌক্তিক মজুত বা কৃত্রিম সংকট তৈরি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button