
দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ মে) থেকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে তেল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় গত দুই মাস দেশে ক্রুড অয়েলবাহী কোনো জাহাজ আসতে পারেনি। পরে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে গত ২১ এপ্রিল রওনা দেয় চীনা জাহাজ নিনেমিয়া।
দীর্ঘ ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দর-এর কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।
জাহাজ থেকে তেল খালাসের জন্য আগে থেকেই ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছিল। প্রতিটি জাহাজ একেক ট্রিপে প্রায় ৪ হাজার টন পর্যন্ত ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। সে হিসাবে দিনে অন্তত ২৪ হাজার টন ক্রুড অয়েল খালাস করা সম্ভব হবে।
সৌদি আরব থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সেখান থেকে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত ক্রুড অয়েল পরিবহনের পুরো দায়িত্ব পালন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
গণমাধ্যমকে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, চলতি মাসে আরও দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছাতে পারে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



