
ক্রিপ্টো ট্রেডিং ও মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণা থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্সপ্রাপ্ত বা অনুমোদিত নয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, Crossmarket.ai বা এ ধরনের কোনো অননুমোদিত ক্রিপ্টো ট্রেডিং কিংবা এমএলএম প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন বা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এসব প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে এ ধরনের অননুমোদিত প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন বা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিলে আর্থিক ক্ষতি ও প্রতারণার ঝুঁকি রয়েছে।
এ কারণে জনস্বার্থে সর্বসাধারণকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার এবং প্রতারণা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
