রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সংসদ সদস্য মো. আব্দুল আলীম জানতে চান, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক এর হিসাব কী।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংক-অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং সোনালী ব্যাংক পিএলসি-তে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
মন্ত্রী ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, জনতা ব্যাংক পিএলসিতে সর্বোচ্চ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে।
এরপর রয়েছে-
- অগ্রণী ব্যাংক পিএলসি: ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা
- রূপালী ব্যাংক পিএলসি: ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা
- সোনালী ব্যাংক পিএলসি: ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা
- বেসিক ব্যাংক পিএলসি: ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল): ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা
সব মিলিয়ে রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী।
তথ্যসূত্র: ইত্তেফাক



