
টানা পাঁচদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে বন্দর এলাকায় বেড়েছে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের উপস্থিতি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে কাজে যোগ দিয়েছেন বন্দরসংশ্লিষ্ট শ্রমিকরা। এর ফলে স্বাভাবিক হতে শুরু করেছে বন্দরটির আমদানি-রফতানি কার্যক্রম।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েকদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় রাজস্ব আদায়ে ভাটা পড়েছে। পাশাপাশি সীমান্তের ওপারে পণ্যবোঝাই ট্রাক আটকে থাকায় পণ্য নষ্ট হওয়ার শঙ্কাও বেড়ে গিয়েছিল।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ সরকার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রাকপ্রতি পণ্য পরিবহনের সর্বোচ্চ ওজনসীমা নির্ধারণের প্রতিবাদে গত ৩০ আগস্ট থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখেন ভারতের ব্যবসায়ীরা।
পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে স্থানীয় প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমস্যা সমাধানের পর ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
এর পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি


