অর্থ ও বানিজ্য
প্রধান খবর

ত্রৈমাসিক নয়, ভ্যাট রিটার্ন ও পেমেন্ট জমা দিতে হবে মাসে মাসে

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুবিধা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে এখন থেকে প্রতি মাসেই ভ্যাট রিটার্ন জমা দিতে হবে এবং প্রদেয় কর পরিশোধ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পরবর্তী সময়ে জানায়, এ ব্যবস্থার কারণে ভ্যাট বা মূল্য সংযোজন কর আদায়ের গতি অনেকটাই শ্লথ হয়ে পড়েছে। রাজস্ব আদায়ের গতি ফেরাতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানায় সংস্থাটি।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ভ্যাট উইংয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মন্ত্রিসভার অনুমোদনের পর এখন থেকে আগের নিয়মে প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল ও প্রদেয় ভ্যাট পরিশোধ করতে হবে।

ওই কর্মকর্তা জানান, ত্রৈমাসিক ব্যবস্থার কারণে ভ্যাট আদায়ের স্বাভাবিক গতি কমে গিয়েছিল।

এনবিআর সূত্রের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই মাসের তুলনায় চলতি বছরের জুন ও আগস্টে ভ্যাট সংগ্রহ প্রায় ২০ শতাংশ কমেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, করদাতাদের প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের আগের বিধান পুনর্বহাল করা হয়েছে।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button