
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে), বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ১১০ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪


