অভিবাসী প্রেরণে বিশ্বে ৬ষ্ঠ এবং রেমিট্যান্স গ্রহণে ৮ম বাংলাদেশ

অভিবাসী প্রেরণে বিশ্বে ষষ্ঠ এবং রেমিট্যান্স গ্রহণে অষ্টম বাংলাদেশ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ‘বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২২’ এ এমন তথ্য উঠে এসেছে।
মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী চলাচলে নিয়ন্ত্রণে এবং ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও বিপর্যয়, সংঘাত এবং সহিংসতার দরুন অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সারাবিশ্বে ২০২০ সালে অভিবাসীর সংখ্যা ছিল ২৮১ মিলিয়ন।বুধবার (০১ ডিসেম্বর) বিকেলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অভিবাসন সংক্রান্ত এ প্রতিবেদনটি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বাংলাদেশে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
বিগত দুই বছরে বিশ্বব্যাপী অভিবাসন খাতের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনটিতে।
প্রতিবেদনে তথ্য মতে, ১৯৭০ সালে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসনের পরিমাণ ছিল ৮৪ মিলিয়ন। যা ২০২০ সাল নাগাদ বেড়ে ২৮১ মিলিয়নে দাঁড়িয়েছে। এটি বিশ্বের মোট জনসংখ্যার ৩ দশমিক ৬ শতাংশ।
আইওএম এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বব্যাপী বাংলাদেশি অভিবাসীর পরিমাণ ছিল ৭ দশমিক ৪০ মিলিয়ন। দেশের বাইরে বসবাসরত এ প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৯ সালে বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে ১৮ বিলিয়ন ডলারেরও বেশি দেশে পাঠিয়েছেন। এর মধ্যে ৭৩ শতাংশ প্রবাসী শ্রমিকদের নিকট থেকে এসেছে। তাদের পাঠানো রেমিট্যান্স জিডিপির ৬ শতাংশেরও বেশি এবং দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক আয়ের উৎস।



