অর্থ ও বানিজ্য
প্রধান খবর

জাল নোট নিয়ে সতর্কবার্তা দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের লোগো।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে বিপুল পরিমাণ জাল নোট ছড়িয়ে পড়েছে— এমন খবরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ধরনের ভ্রান্ত তথ্য জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ প্রেক্ষিতে জনসচেতনতামূলক একটি বিস্তারিত সতর্কবার্তা জারি করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন করা সম্পূর্ণ অবৈধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার প্রচলন রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং নিয়মিত কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

জনসাধারণকে জাল নোট শনাক্ত ও প্রতিরোধে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক—
১. নোট গ্রহণের সময় জলছাপ, নিরাপত্তা সুতা, অসমতল ছাপা, রঙ পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করা।
২. বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা।
৩. নগদ লেনদেনে যতটা সম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা।
৪. সন্দেহজনক নোট পেলে বা জাল নোট সংক্রান্ত তথ্য জানা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’— এই স্লোগানে জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd/en/index.php/currency/note ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের সব ব্যাংক শাখায় আসল নোটের বৈশিষ্ট্যসম্বলিত ব্যানার ও পোস্টার দৃশ্যমানভাবে প্রদর্শিত রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাল নোট তৈরি, সংরক্ষণ ও লেনদেন বিদ্যমান আইনে সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ, এবং এ বিষয়ে তারা নিয়মিতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

তথ্যসূত্র: খবর সংযোগ

এই বিভাগের অন্য খবর

Back to top button