স্বাস্থ্য
প্রধান খবর

শীত এলেই বাড়ে সাইনাসের সমস্যা: উপশম পেতে জানুন করণীয়

শীত শুরু হতেই সাইনাসের সমস্যায় ভোগেন অনেক মানুষ। তাপমাত্রা কমে যাওয়ার কারণে এই সমস্যা বেড়ে যায়। সাইনাস হলো মাথার ভেতরের এমন কিছু ফাঁপা জায়গা, যা নাকের ভেতর দিয়ে বায়ু চলাচলে সহায়তা করে। কোনো কারণে এসব স্থানে সংক্রমণ হলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয় এবং তখনই দেখা দেয় সাইনাসজনিত নানা সমস্যা।

সাইনাসে সংক্রমণ হলে তীব্র মাথাব্যথা, নাক বন্ধ থাকা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সমস্যা গুরুতর আকার ধারণ করতে পারে। তাই সাইনাসের সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তবে প্রাথমিক পর্যায়ে কিছু সহজ নিয়ম মেনে চললে সাইনাসের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


বেশি করে পানি পান করুন

সাইনাসের সমস্যার সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। বেশি পানি পান করলে সাইনাসে জমে থাকা ময়লা ও শ্লেষ্মা শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় বের হয়ে যায়। এতে নাক পরিষ্কার থাকে এবং ব্যথা কমে।
পানির পাশাপাশি স্যুপ বা অন্যান্য তরল খাবার খেলেও উপকার পাওয়া যায়।


নিয়মিত ভাপ নিন

সাইনাসের সমস্যা এড়াতে নিয়মিত ভাপ নেওয়া অত্যন্ত উপকারী। একটি পাত্রে গরম পানি নিয়ে তার ওপর মুখ রেখে, তোয়ালে দিয়ে মাথা ঢেকে ভাপ নিতে পারেন। চাইলে গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল মেশানো যেতে পারে। এতে নাকের ভেতরের জমাট বাঁধা শ্লেষ্মা নরম হয় এবং শ্বাস নিতে আরাম পাওয়া যায়।


ভাইরাস সংক্রমণ থেকে সতর্ক থাকুন

ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের কারণেই মূলত সাইনাসের সমস্যা দেখা দেয়। তাই খাওয়ার আগে এবং চোখ বা নাকে হাত দেওয়ার আগে ভালো করে হাত ধোয়া জরুরি। প্রয়োজনে স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে।


পরিবেশ পরিষ্কার রাখুন

বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সাইনাসের সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোফার কভার, কার্পেট, পর্দা, বিছানার চাদর ও বালিশের কভার নিয়মিত পরিষ্কার ও পরিবর্তন করুন। যাদের পোষ্য প্রাণী আছে, তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও জরুরি।


বিশেষ পরামর্শ:
সাইনাসের সমস্যা দীর্ঘদিন স্থায়ী হলে বা মাথাব্যথা ও শ্বাসকষ্ট তীব্র হলে নিজে ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন।

তথ্যসূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button