
নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা প্রায় ৩৪ লাখ শিশুকে সুরক্ষার আওতায় আনতে দেশজুড়ে বিশেষ হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী, অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী বাদ পড়া শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ বিশেষ টিকাদান অভিযান চলবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পক্ষ থেকে মাঠপর্যায়ের সব কার্যালয়ে জরুরি নির্দেশনা পাঠানো হয়। এতে নিজ নিজ এলাকার হাম ও রুবেলার টিকা না পাওয়া ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সুনির্দিষ্ট তথ্য তিন দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছিল।
সেসব তথ্যের ভিত্তিতে নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে দেশব্যাপী এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ডেইলি স্টার



