
বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে শুরু হবে পূজা-অর্চনা। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে উঠবে পূজামণ্ডপগুলো।
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার বোধন, আবাহন ও অধিবাস সম্পন্ন হবে। সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, এ বছর ভক্তদের কষ্ট দূর করতে দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন এবং দশমীর দিন নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন।
সনাতন শাস্ত্র অনুযায়ী, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় সারাদেশের মন্দির ও পূজামণ্ডপগুলো ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে। শঙ্খ ও উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণ করে নেবেন ভক্তরা। উৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বছর দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দেবীর আরাধনা হবে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে দেড় হাজার। অন্যদিকে, ঢাকা মহানগরে ২৫৮টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২০ অক্টোবর নবমী উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
তথ্যসূত্র: যমুনা টিভি



