
ছবি: সংগৃহীত
দেশে মৃত্যুর কারণগুলোর মধ্যে হৃদরোগ এখন শীর্ষে রয়েছে। গবেষণা বলছে, এ রোগে প্রতিদিন গড়ে ৫৬২ জন মানুষ মারা যান এবং বর্তমানে এক কোটি দুই লাখেরও বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত। আধুনিক জীবনযাপনের অস্থিরতা, লাগামহীন বায়ুদূষণ ও অনিয়ন্ত্রিত তামাক ব্যবহার এ রোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে।
বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আয়োজিত এক আলোচনায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহরের দূষিত বাতাস ‘নীরব ঘাতক’ হিসেবে মানুষের নানা রোগের সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ বর্তমানে হৃদরোগের অন্যতম প্রধান কারণ। এতে মানুষের গড় আয়ু ৬ থেকে ৭ বছর পর্যন্ত কমে যাচ্ছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, হৃদরোগ প্রতিরোধে সাদা ভাত, লবণ ও চিনি পরিমিতভাবে গ্রহণ এবং নিয়মিত শারীরিক পরিশ্রম অত্যন্ত জরুরি।
এ সময় সহযোগী প্রতিষ্ঠান রেনেটা ফার্মাসিউটিক্যালস-এর চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ তানভীর সাদিক হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
তথ্যসূত্র: ডিবিসি
