আন্তর্জাতিক খবর

প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’ এখন ৬ লাখ ডলার

প্রিন্সেস ডায়ানার কালো অফ-শোল্ডার ‘রিভেঞ্জ ড্রেস’ আবার আলোচনায়। প্যারিসের মিউজে গ্রেভাঁ জাদুঘরে বৃহস্পতিবার ওয়েলসের প্রয়াত রাজকুমারীর নতুন মোমের মূর্তি উন্মোচনের পর পোশাকটি নতুন করে দৃষ্টি কাড়ে। মূর্তিতে তাকে দেখা গেছে সেই পোশাকেই—যেটি তিনি ১৯৯৪ সালে সারপেন্টাইন গ্যালারির ভ্যানিটি ফেয়ার গালায় পরে সাড়া ফেলেছিলেন।

নব্বইয়ের দশকের শুরুতে প্রিন্স চার্লস ও ডায়ানার দাম্পত্য জীবনে অস্থিরতা নিয়ে আলোচনার মধ্যেই ১৯৯২ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে, পরে ১৯৯৬ সালে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। ১৯৯৪ সালের ২৯ জুন আইটিভির তথ্যচিত্রে চার্লসের পরকীয়ার স্বীকারোক্তি প্রকাশ্য হলে বিশ্বজুড়ে আলোড়ন পড়ে। ঠিক সেই রাতেই গালায় উপস্থিত হয়ে ডায়ানা নিজের অবস্থান জানান দেন পোশাকের মাধ্যমেই। কোনো কথা না বলেও তার পোশাকই হয়ে ওঠে প্রতীকী বার্তা।

ফ্যাশন বিশ্লেষকদের মতে, ডায়ানা জানতেন সেদিন সব নজর তার দিকেই থাকবে। ব্যক্তিগত সংকটের মাঝেও নিজেকে শক্তভাবে উপস্থাপনের জন্য তিনি বেছে নেন ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ানের গাউনটি—যেটি তিনি আগে ‘অতিরিক্ত সাহসী’ ভেবে ব্যবহার করেননি।

১৯৯৭ সালে ডায়ানা তার ৭৯টি গাউন নিলামে তুললে ‘রিভেঞ্জ ড্রেস’টি ২৪ হাজার ১৫০ ডলারে বিক্রি হয়। পোশাকগুলো বিক্রি করে তিনি ৩০ লাখ ডলার সংগ্রহ করেন, যা এইডস ও ক্যানসারবিরোধী দাতব্য কাজে দান করা হয়।

২০২৩ সালে নিউইয়র্কে ‘সদবিসে’ আয়োজিত নিলামে চারজন দরদাতার প্রতিযোগিতায় পোশাকটির মূল্য গিয়ে দাঁড়ায় ৬ লাখ ৪ হাজার ৮০০ ডলার।

তথ্যসূত্র: এনডিটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button