
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরমা তথ্যচিত্রে তার ২০২১ সালের ৬ই জানুয়ারিতে দেওয়া বক্তব্য সম্পাদনা নিয়ে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
ফ্লোরিডার আদালতের নথিতে থাকা তথ্য অনুযায়ী, ট্রাম্প সম্প্রচার সংস্থাটির বিরুদ্ধে মানহানি ও ট্রেড প্র্যাকটিস ল লঙ্ঘনের অভিযোগ এনেছে।
তিনি তার দুটি দাবির প্রতিটির জন্য পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
গত নভেম্বরে বিবিসি ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করলেও তাকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছিলো এবং ‘মানহানির দাবির ভিত্তি’ থাকার বিষয়ে একমত হয়নি।
মি. ট্রাম্পের আইনি দল বিবিসির বিরুদ্ধে তার বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে, অসৎ উদ্দেশ্যে ও প্রতারণামূলকভাবে সম্পাদনার অভিযোগ এনেছে।
বিবিসি এখনো এই মামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ট্রাম্প গত মাসে বলেছিলেন যে তিনি তথ্যচিত্রটির জন্য বিবিসির বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। ওই তথ্যচিত্রটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাজ্যে সম্প্রচার করা হয়েছিলো।
“আমি মনে করি এটা করা উচিত,” ট্রাম্প বিমানে তার সাথে থাকা সাংবাদিকদের বলেছিলেন। “তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া কথা পরিবর্তন করে দিয়েছে”।
তথ্যসূত্র: বিবিসি বাংলা



