আন্তর্জাতিক খবর
প্রধান খবর

হাজিদের যাতায়াত সহজ করতে মক্কায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা অনুমোদন

পবিত্র নগরী মক্কায় একটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে সৌদি আরব। হজ ও ওমরাহ পালন করতে আসা লাখো মানুষের যাতায়াত সহজ করা এবং পরিবহন অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল-রশিদ এই ঘোষণা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকল্পটির কৌশলগত ও অর্থনৈতিক দিকনির্দেশনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বিমানবন্দরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, হার্ভার্ড বিজনেস রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-রশিদ জানান, বেসরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তবে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রকল্পটি বর্তমানে প্রাথমিক পরিকল্পনা ও বিনিয়োগ পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হলেও নির্মাণকাজ শুরুর নির্দিষ্ট সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।

এই উদ্যোগ সৌদি আরবের ‘সৌদি ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ, যার লক্ষ্য হজ ও ওমরাহ পালনকারীর সংখ্যা বৃদ্ধি এবং যোগাযোগব্যবস্থা আরও উন্নত করা। বর্তমানে অধিকাংশ হজযাত্রী জেদ্দা হয়ে মক্কায় পৌঁছান, যা শহরটি থেকে প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। নতুন বিমানবন্দর চালু হলে এই যাত্রাপথ অনেকটাই কমে আসবে।

এছাড়া মক্কা মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক নকশার কাজও শেষ হয়েছে। এটি পবিত্র স্থানগুলোর মধ্যে যোগাযোগ আরও সহজ করবে বলে জানিয়েছেন আল-রশিদ।

পাশাপাশি ‘স্মার্ট মক্কা’ কর্মসূচির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মসজিদুল হারাম এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে জামারাত সেতু এলাকায় ভিড় কমাতে পূর্বাভাসভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ টাইমস

এই বিভাগের অন্য খবর

Back to top button