হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গুলির ঘটনা, নিরাপদে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শটগানধারী এক ব্যক্তি নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করে এবং এক সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ওই এজেন্টের সুরক্ষামূলক বর্মে লাগায় তিনি বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান।
গুলির শব্দ শোনার পর অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ২ হাজার ৬০০ অতিথির অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন। পরে সশস্ত্র নিরাপত্তাকর্মীরা দ্রুত পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন।
ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, হামলাকারীকে আটক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি সামাল দিয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, আটক সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন। তার বয়স ৩১ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে।
ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার একটি অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও অভিযোগ আনা হতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে এটি ছিল ট্রাম্পের প্রথম হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে অংশগ্রহণ। ঘটনার পর অনুষ্ঠানটি বাতিল করা হয়।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



