আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫, সুনামির সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকালে আঘাত হানা এ ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স কার্যালয়ের তথ্য অনুযায়ী, সকসসারজেন অঞ্চলে অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় আরও প্রাণহানির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ১২৯ জন।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে প্রথমদিকে সংস্থাটি এর মাত্রা ৮ দশমিক ২ বলে জানিয়েছিল। অন্যদিকে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ফিভলকস’ ভূমিকম্পের মাত্রা ৭ এবং ইন্দোনেশিয়ার বিএমকেজি ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছে।

ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো সুনামি সতর্কতা জারি করেছে।

জেনারেল সান্তোস শহরের পুলিশের মাস্টার সার্জেন্ট রবার্ট দাগোন জানিয়েছেন, ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ও বসতবাড়ি ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button