
২০২৬ ফুটবল বিশ্বকাপ চলাকালে ভুয়া খবর প্রচারকে কেন্দ্র করে আর্জেন্টিনার গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর মিথ্যা খবর প্রচার করায় জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল ‘লুজু টিভি’ তাদের একটি অনুষ্ঠানের পুরো টিমকে বরখাস্ত করেছে।
চ্যানেলটির ‘এল শো দেল বেরানো’ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারে উপস্থাপক ফ্লোরেনসিয়া পিনিয়া হঠাৎ অনুষ্ঠান থামিয়ে দাবি করেন, হোর্হে মেসি মারা গেছেন। তিনি আরও বলেন, বাবার শেষকৃত্যে অংশ নিতে লিওনেল মেসি নাকি যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে দেশে ফিরবেন।
খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। পরে মেসি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। তাঁর শারীরিক অবস্থারও ইতিবাচক উন্নতি হচ্ছে।
বিবৃতিতে পরিবার জানায়, গত কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়া গুজব, অনুমাননির্ভর তথ্য ও অসত্য দাবিতে তারা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হওয়া সত্ত্বেও কিছু ব্যক্তি ন্যূনতম সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেননি।
মেসি পরিবার আরও জানায়, হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য শুধুমাত্র পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক সূত্র থেকে প্রকাশিত নয়—এমন কোনো তথ্যকে সত্য হিসেবে গ্রহণ না করার আহ্বান জানানো হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফ্লোরেনসিয়া পিনিয়া মেসি পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। তবে ভুয়া খবর প্রচারের দায়ে এরই মধ্যে ‘লুজু টিভি’ অনুষ্ঠানটির পুরো টিমকে চাকরিচ্যুত করেছে।
বিশ্বকাপের মতো বড় আসরের মধ্যে এমন ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ার ঘটনায় গণমাধ্যমের তথ্য যাচাই ও দায়িত্বশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো