জাতীয়
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃত বেড়ে ৯২৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট ৯২৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম-সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হাম রোগে আরও তিনজন মারা গেছেন। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। আর সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ৮২৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৪ জনের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৪৪ জনে।

তথ্যসূত্র: একাত্তর টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button