রাজনীতি
প্রধান খবর

রুহুল কবির রিজভী হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ক্ষমতাসীন দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭. খ)৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপরই তিনি দলের মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান। ফলে কয়েক দিন ধরে বিএনপির মহাসচিবের পদটি শূন্য ছিল।

মির্জা ফখরুল পদ ছাড়ার পর থেকেই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার বিষয়ে দলের ভেতরে আলোচনা চলছিল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপির বিজ্ঞপ্তির মাধ্যমে সেই গুঞ্জনের অবসান হলো।

এর আগে গত ১৫ আগস্ট বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চারজন নতুন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে রয়েছেন রুহুল কবির রিজভী। অন্য তিনজন হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর একই দিনে রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করল বিএনপি।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button