ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা বন্ধ, মঙ্গলবার ফের আলোচনায় বসছে দুই দেশ

কয়েক দিনের পাল্টাপাল্টি হামলার পর সামরিক পদক্ষেপ স্থগিত রেখে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার (২৮ জুন) এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এর ফলে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে থাকা দুই দেশের সমঝোতা স্মারক টিকে থাকার আশা আরও জোরালো হয়েছে।
মার্কিন ওই কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে। আপাতত উভয় পক্ষ সামরিক অভিযান থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে।
গত কয়েকদিন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। হরমুজে জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটির উপকূলবর্তী এলাকায় বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এর জবাবে মধ্যপ্রাচ্যে অন্তত আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
পাল্টাপাল্টি হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা হলে ইরানের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে।
এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা রোববার লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। এতে দক্ষিণ লেবাননের একটি গ্রামে গোষ্ঠীটির ব্যবহৃত ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে ইরান জানিয়েছে, বৃহত্তর সমঝোতা কার্যকর রাখতে হলে লেবাননের সংঘাতেরও অবসান ঘটাতে হবে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪