
শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারের সমন্বয় করে পুরো শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা সাজানো হবে।
শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থা ও চাকরির বাজারের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষা খাতে পরিবর্তন আনা হবে।
তিনি জানান, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে সরকার কাজ করছে। একই সঙ্গে অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতেও জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেটিং প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু গবেষণার পরিমাণ বিবেচনা করলেই হবে না। বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে এবং কোথায় অর্থ ব্যয় করছে, সেটিও গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে পারলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেটিং বাড়াতে সহায়তা করবে বলেও জানান তিনি।
এ সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

