জাতীয়
প্রধান খবর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বঙ্গভবনে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দোয়া পাঠের মধ্য দিয়ে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনে উপস্থিত হন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসছেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপির মহাসচিবের পদ থেকে বিদায় নেন। পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় রুহুল কবির রিজভীকে।

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে শুরু হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পালনের পর্ব।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button