আন্তর্জাতিক খবর
প্রধান খবর

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনি এবং হামলায় নিহত তাঁর পরিবারের আরও চার সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী।

রোববার ভোর থেকেই খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হন লাখো ইরানি। সকাল ৭টার দিকে মরদেহবাহী কফিনগুলো মসজিদ প্রাঙ্গণে আনা হলে শোকাহত মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজায় অংশ নেওয়া অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

নিরাপত্তা হুমকির আশঙ্কা থাকলেও জানাজায় উপস্থিত ছিলেন খামেনির তিন ছেলে-মোস্তফা, মাসুদ ও মেসাম হোসেইনি খামেনি। তবে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া তাঁর আরেক ছেলে মোজতবা খামেনিকে অনুষ্ঠানে দেখা যায়নি।

জানাজায় আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি এজেই এবং বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আহমেদ ভাহিদী।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার চার মাস পর শনিবার থেকে আলি খামেনিকে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানানোর সাত দিনের কর্মসূচি শুরু হয়। আয়োজনে বিশ্বের অন্তত ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, পুরো শোকানুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষ অংশ নেবেন। তেহরান, কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় জানাজার আনুষ্ঠানিকতা শেষে আগামী ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button