আন্তর্জাতিক খবর
প্রধান খবর

মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ খনিজের সন্ধান, যত পরিকল্পনা করছে সৌদি আরব

সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ খনিজ কাঁচামালের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল আরাবিয়া।

জ্বালানিমন্ত্রী বলেন, মদিনা অঞ্চলের জাবাল সাইয়িদ প্রকল্পে ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানের সময় ভারী দুর্লভ খনিজ উপাদানের পাশাপাশি আশাব্যঞ্জক মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ আবিষ্কার জাবাল সাইয়িদ প্রকল্পকে বর্তমানে বিশ্বজুড়ে উন্নয়নাধীন গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ সম্পদের অন্যতম স্থানে পরিণত করেছে।

ছবি: সংগৃহীত

সৌদি আরব জ্বালানি ও খনি খাতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মদিনায় ইউরেনিয়াম ও বিরল মৃত্তিকা উপাদানের এই সন্ধান সেই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

গত জুলাইয়ে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব নেওয়া প্রিন্স আব্দুলআজিজ বলেন, আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে সৌদি আরব জ্বালানি ও খনিজ সম্পদের বৈচিত্র্য বাড়াতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্বও জোরদার করা হচ্ছে।

সৌদি আরব ইউরেনিয়াম অনুসন্ধান থেকে শুরু করে ‘ইয়েলোকেক’ উৎপাদন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে চায়। ইয়েলোকেক হলো আকরিক প্রক্রিয়াকরণের মাধ্যমে পাওয়া ঘনীভূত ইউরেনিয়াম গুঁড়া। একই সঙ্গে দেশের জ্বালানি ব্যবস্থায় পারমাণবিক বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

ইউরেনিয়াম উন্নয়নে তিন পথে সৌদি

সৌদি আরব ইউরেনিয়াম সম্পদ উন্নয়নে তিনটি পথে এগোচ্ছে। এর মধ্যে রয়েছে ফসফেট সার উৎপাদনে ফসফরিক অ্যাসিড তৈরির উপজাত হিসেবে ইউরেনিয়াম আহরণ, মদিনার জাবাল সাইয়িদে চিহ্নিত ইউরেনিয়াম সম্পদের উন্নয়ন এবং প্রচলিত ইউরেনিয়াম মজুতের সন্ধানে ভূতাত্ত্বিক জরিপ বাড়ানো।

জাবাল সাইয়িদে প্রায় ১১ কোটি ৪০ লাখ টন আকরিক রয়েছে। সেখানে ইউরেনিয়ামের পাশাপাশি বিরল মৃত্তিকা উপাদানেরও উচ্চ ঘনত্ব রয়েছে।

প্রিন্স আব্দুলআজিজ বলেন, সৌদি আরবের এই কর্মসূচি স্বচ্ছভাবে পরিচালিত হবে। গোপনে বা অঘোষিত কোনো স্থাপনায় কার্যক্রম চালানো হবে না। আন্তর্জাতিক অংশীদারত্ব এবং আইএইএর সহযোগিতার মাধ্যমেই কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।

তবে সৌদি আরবের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা ভিন্ন। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো পরিকল্পনা নেই।

জুলাইয়ে সই হওয়া ৩০ বছরের বেসামরিক পারমাণবিক চুক্তিকে তিনি বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রিক হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে রিয়াদের ঘোষিত পরিকল্পনা পুরো পারমাণবিক জ্বালানি চক্র পর্যন্ত বিস্তৃত।

সৌদি আরব আইএইএর অতিরিক্ত প্রটোকলে সই করবে না। তবে এর পরিবর্তে দ্বিপক্ষীয় বিশেষ ব্যবস্থার বিষয়ে আলোচনা করছে রিয়াদ। এর আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, রূপান্তর ও পুনঃপ্রক্রিয়াকরণ পর্যবেক্ষণের সুযোগ পাবে আইএইএ।

ইউরেনিয়াম শুধু উত্তোলন নয়, এর পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণেও সক্ষমতা বাড়াতে চায় সৌদি আরব। এ লক্ষ্যে জাবাল সাইয়িদে পরিশোধন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের এমপি ম্যাটেরিয়ালসের সঙ্গে এবং ফসফেট সম্পদ থেকে ইউরেনিয়াম আহরণে ফ্রান্সের ওরানোর সঙ্গে কাজ করছে দেশটি।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button