ভারতে করোনা হাসপাতালে আবার আগুন, আইসিইউয়ের ১৩ জন নিহত

তৃতীয়বারের মতো ভারতের মহারাষ্ট্রে করোনা হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইসিইউতে থাকা অন্তত ১৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে পালঘর জেলার বিরারের বিজয় বল্লভ হাসপাতালে এ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাত ৩টার দিকে ওই হাসপাতালের আইসিইউয়ে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
ওই হাসপাতালে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা দিলীপ শাহ জানিয়েছেন, আগুন লাগার ঘটনার সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে ২১ জন রোগীর অবস্থা সংকটজনক ছিল, তাদেরকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন লাগার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
এর আগে ৯ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়। তারও আগে গত ১৭ এপ্রিল ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন করোনা আক্রান্ত রোগী নিহত হন।



