নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক

নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলে হাজার হাজার আন্দোলনকারী রাস্তায় নামেন। এসময় দ্রুত নারীর প্রতি সহিংসতামূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান তারা। এদিকে, স্পেনে প্রস্তাবিত নিরাপত্তা আইন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির পুলিশ।
ইস্তাম্বুলে নারীর প্রতি সহিংসতাবিরোধী বিক্ষোভের চিত্র বৃহস্পতিবারের চেয়ে একদমই আলাদা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে বৃহস্পতিবার নারীদের বিক্ষোভ পুলিশি বাধায় পণ্ড হয়ে গেলেও শনিবার আবারো রাস্তায় নামেন দেশটির নারী নির্যাতন বিরোধী আন্দোলনকারীরা। হাতে মশাল, নাচ-গান ও স্লোগানে স্লোগানে নারীর প্রতি বৈষম্য দূর করার আহ্বান জানান তারা।আন্দোলনকারীদের মধ্যে একজন বলেন, আমার দুটি মেয়ে আছে। আমি চাই তারা যেন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে। স্কুল কি কর্মক্ষেত্র সব জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া যারা এখন পর্যন্ত বিভিন্নভাবে জীবন দিয়েছে আমরা তাদের জন্য এই লড়াই চালিয়ে যেতে চাই।গেল জুলাইয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় তুরস্ক। ইস্তাম্বুল কনভেনশন নামে পরিচিত এক চুক্তি থেকে সরে আসার জন্য দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রিসেপ তাইপ এরদোয়ান সরকার। যদিও স্থানীয় আইনের নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন এরদোয়ান।
সরকারের প্রস্তাবিত নিরাপত্তা আইন সংস্কারের বিরুদ্ধে মাঠে নেমেছেন খোদ দেশটির পুলিশ সদস্যরা। মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও আন্দোলনে করার অধিকার খর্বের অভিযোগ আনেন বিক্ষুব্ধরা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্পেনের প্রধান তিন রক্ষণশীল রাজনৈতিক দলও আন্দোলনে যোগ দেয়। বিক্ষোভকারীরা বলছেন, প্রস্তাবিত আইনের কারণে একদিকে সাধারণ মানুষ যেমন তাদের অধিকার রক্ষার আন্দোলনে ব্যর্থ হবেন তেমনি পুলিশও তাদের দায়িত্ব পালনে বাধার সম্মুখিন হবেন।



