
দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৬৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে সারাদেশ থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের অংশ হিসেবে সারাদেশে ২৬ হাজার ৮৮১টি মোটরসাইকেল ও ২৬ হাজার ৫৭৩টি যানবাহন তল্লাশি করা হয়েছে। তল্লাশিকালে ৩৪২টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।
বাংলাদেশ পুলিশ জানায়, জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর গত সপ্তাহের শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির বৈঠকে এ অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই বৈঠকে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে এই বিশেষ অভিযান শুরু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: যমুনা টিভি



